‘কৃষি মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি পুষ্টি নিরাপত্তা অর্জনে সহায়ক হবে’

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:৪৭

জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান খান (অতিরিক্ত সচিব) মঙ্গলবার (৭ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বারটান প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ শেষে এ কথা বলেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে কৃষিমন্ত্রী ড. মো: আবদুর রাজ্জাক তাঁর সরকারি বাসভবনে একটি কাজুবাদামের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো: নাসিরুজ্জামান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কৃষি মন্ত্রণালয় প্রতিটি ইউনিয়নে ও উপজেলায় ১০০টি করে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম ধাপে প্রতি উপজেলায় ১০০টি করে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে, দ্বিতীয় ধাপে সেটা ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ফলদ, বনজ ও ঔষধির পাশাপাশি মশলা জাতীয় গাছ লাগানো হবে।

দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ এর আড়াইহাজার উপজেলায় বারটান এর নির্মাণাধীন প্রধান কার্যালয় সহ ০৭ আঞ্চলিক কার্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ এর মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন বারটান এর নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান খান।

বারটান এর নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান খান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ এর এই বৃহৎ কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচি বাস্তবায়নে ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষ রোপণে জোর দেয়া হচ্ছে যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সহায়ক হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। এই সময় উপস্থিত ছিলেন বারটান এর পরিচালক কাজী আবুল কালাম (যুগ্মসচিব) সহ বারটান এর বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণের পুষ্টিস্তর উন্নয়নে কাজ করছে বারটান। নারায়ণগঞ্জ এর আড়াইহাজার উপজেলায় নির্মাণাধীন প্রধান কার্যালয় সহ ০৭টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম