জামিনে মুক্ত মেন্ডিস

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২১:২৪

সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরদিন জামিনে মুক্তি পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুসল মেন্ডিস।

লঙ্কান পুলিশের মিডিয়া বিভাগের বরাত দিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রবিবার ভোরে কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় মেন্ডিসের গাড়ির ধাক্কায় নিহত হন ৬৪ বছর বয়সি এক সাইকেল আরোহী। দুর্ঘটনার সময় মেন্ডিসই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানায় পুলিশ। গুরুতর আঘাত পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান ঐ ব্যক্তি।

পানাদুরা থানায় আটক থাকার পর সোমবার মেন্ডিসকে আদালতে তোলা হয়। জামিন পেতে তাকে দিতে হয়েছে ২০ লাখ শ্রীলঙ্কান রুপি। আগামী ৯ সেপ্টেম্বর আবার আদালতে হাজিরা দিতে হবে তাকে।

পুলিশ ও বিচারিক মেডিক্যাল কর্মকর্তার প্রাথমিক তদন্তের পর মেন্ডিসকে ড্রাইভিংয়ের অনুমতিও দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন মেন্ডিস। তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন মনে করা হয় তাকে। করোনা ভাইরাস বিরতি শেষে সম্প্রতি পাল্লেকেলেতে হয়ে যাওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পেও ছিলেন ২৫ বছর বয়সি এই ব্যাটসম্যান।