উপজেলায় ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা বৃষ্টির পানির স্রোতে গত ২ জুলাই খয়েরবাগান এলাকায় অবস্থিত রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এ সময় সেতুর দুই পার্শ্বে প্রায় ২০০ মিটার পাকা সংযোগ সড়ক ধসে যায়। ফলে দুই পারের বাসিন্দাদের নদী পারাপারে এখন নৌকাই ভরসা। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। তারা দ্রুত সংযোগ সড়কটি মেরামতের দাবি করছেন।
টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শেখ ফরিদ জানায়, সংযোগ সড়কটি ধসে যাওয়ার পর দেবীগঞ্জ, টেপ্রীগঞ্জ, চিলাহাটী ইউনিয়নের বাসিন্দাসহ আশপাশের প্রায় ২০ হাজার লোক দুর্ভোগের শিকার হচ্ছেন। আমাদের চলাচলের এটিই একমাত্র রাস্তা। সাইকেল, মোটরসাইকেল চললেও বন্ধ রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি। দেবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান বলেন, ব্যক্তিগত উদ্যোগে নৌকা চললেও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোগান্তি লাঘবে আমরা সেতুর দক্ষিণ দিকে পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরি করার কাজ শুরু করেছি। দু-এক দিনের মধ্যে সাঁকোটি দিয়ে পারাপার করা যাবে। ভেঙে যাওয়া সড়কটি পর্যবেক্ষণ করছে এলজিইডি বিভাগ।
