চার চিকিত্সক ও চার পুলিশসহ রাজশাহীতে এক দিনেই ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ভাইরোলজি ল্যাব এবং রামেক হাসপাতাল বহির্বিভাগ মলিকুলার ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬২ নমুনার ফলাফল এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেজে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার বলেন, শনাক্তদের ৯৩ জনই রাজশাহী সিটি করপোরেশন এলাকার। এছাড়া পবার আট, বাগমারার দুই ও গোদাগাড়ীর একজন। এ নিয়ে জেলায় ১ হাজার ২৭৮ এবং শহরে ৯৬২ জন শনাক্ত হয়েছে। রামেক হাসপাতালের উপপরিচালক জানান, আক্রান্তদের মধ্যে চার চিকিত্সক, চার পুলিশ ও এক র্যাব সদস্যসহ ৭০ জনই রাজশাহী শহরের বাসিন্দা।
