সাতক্ষীরা জেলা থেকে একাধিক মন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি। তার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী ডা. আ ফ ম রুহুল হককে আবারো মন্ত্রী করার দাবি জানানো হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সমিতির সহ-সভাপতি ইকবাল মাসুদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক বলেন, এবারের নির্বাচনে সাতক্ষীরা জেলায় কোন সহিংস ঘটনা ঘটেনি। এটি সাতক্ষীরা জেলার রাজনৈতিক পরিবেশের ইতিবাচক দিক। আমরা মনে করি দেশের ধারাবাহিক অগ্রগতি ও উন্নয়নের সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা থেকে একাধিক মন্ত্রী করা প্রয়োজন।
তারা আরো বলেন, নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলা থেকে অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক আ ফ ম রুহুল হককে মন্ত্রী হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছিলেন। আবারো আমরা তাকে মন্ত্রী বানানোর জন্য আহ্বান জানাই।
উল্লেখ্য, সাতক্ষীরা ৩ আসনে নৌকার প্রতীকে আ ফ ম রুহুল হক ৩ লাখ ৪৩ হাজার ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম ধানের শীষের প্রার্থী বিএনপির ডা. সহিদুল আলম পান ২৪ হাজার ৩শ’ ৫৩ ভোট।
ইত্তেফাক/জেডএইচ
