সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন ব্যায়াম করে থাকি। সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে সাইক্লিং ও সাঁতার কাটা। সাইক্লিংয়ে শারীরিক পরিশ্রম হয় এবং ওজন কমাতে খুউব সহায়তা করে। এছাড়া ক্যান্সার, ডায়াবেটিস ও প্রেসারসহ নানা ধরনের রোগের ঝুঁকিও বহুলাংশে কমিয়ে দেয়। সাইকেল চালনা শুধু বাহ্যিকভাবেই ফিট রাখে না, আভ্যন্তরীণভাবেও সুস্থ রাখে। সাইকেল যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি পরিবেশের জন্যও। স্বাস্থ্য ভালো রাখতে সাইকেল চালানোর বিকল্প নেই। ইদানীং জাপান, চীন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস বিভিন্ন দেশে অল্প দূরত্বে যাতায়াতের জন্য সাইকেল চালনাকে সরকারিভাবে উত্সাহ দেওয়া হচ্ছে। অফিস কিংবা স্কুল-কলেজে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগও দেওয়া হচ্ছে কোথাও কোথাও।
এই করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে গণপরিবহনের সবচেয়ে ভালো বিকল্প হতে পারে সাইকেল। অন্য যানবাহনের ক্ষতিকর ধোঁয়া পরিবেশের যে চরম ক্ষতি করে, সাইকেল তার বিন্দুমাত্র করে না। পত্রিকার এক রিপোর্ট থেকে জানা যায়, করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে যাতায়াতে দেশে-বিদেশে সাইকেলের উত্পাদন, বিপণন ও বিক্রি উত্সাহজনক হারে বাড়ছে। সামাজিক দূরত্ব ও পরিবেশ রক্ষায় এ সুযোগটি আমাদেরও কাজে লাগানো দরকার। সুতরাং আসুন, আমরা সামাজিক দূরত্ব ও পরিবেশ সুরক্ষায় সাইকেল ব্যবহার করি।
মো. জিল্লুর রহমান
সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা
