রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে পুলিশ অস্ত্র ও গুলিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, হাসান আসিফ হোসেন, ইজাজ বিন আলীম, মো. শরীফ ইসলাম, ইমাম হোসেন প্রতীক ওরফে শুভ ও মেহেদী হাসান অনিক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি বিদেশি কুড়াল, একটি সুইচ গিয়ার চাকু ও তিনটি মোটরসাইকেল। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া। তিনি জানান, রবিবার রাত সোয়া ১১টায় রায়েরবাজার রূপায়ণ গ্রিন সিটির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে অবৈধ অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটন করত। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
