কক্সবাজারের টেকনাফে পুলিশি অভিযানে দুই পক্ষের গোলাগুলিতে দুই মাদক কারবারি নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও বুলেট উদ্ধার করে। সূত্র জানায়, মঙ্গলবার ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার হোয়াইক্যংয়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক কারবারি সিন্ডিকেটের সদস্যরা গুলিবর্ষণ শুরু করলে পুলিশের এসআই মশিউর রহমান, কনস্টেবল অভিজিত্ দাশ ও এমরান হোসেন আহত হন। পুলিশও পালটা গুলি চালালে হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরিস্থিতি শান্ত হলে পুলিশ এলাকা তল্লাশি করে ইয়াবা, অস্ত্র ও কার্তুজসহ হ্নীলা মৌলভীবাজারের মৃত সোলতান আহমদ ওরফে চামড়া বাদশাহর পুত্র সাদ্দাম হোসেন এবং হোয়াইক্যং পশ্চিম মহেশখালিয়া পাড়ার মৃত হাজী আলী আহমদের পুত্র আবদুল জলিল ওরফে গুরা পুতুইক্কাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। চিকিত্সার জন্য আহতদের প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যায়। নিহতরা একাধিক মাদক ও অবৈধ অস্ত্র মামলার আসামি ছিল।
