পরকীয়া প্রেমের জের

উজিরপুরে এক রশিতে ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২৩:১১

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ইন্দুরকানি গ্রামে একই রশিতে ফাঁস লাগিয়ে প্রিন্স ও তৃষ্ণা নামে এক প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত প্রেমিক প্রিন্সের মুঠোফোনে একটি সুইসাইড নোট পাওয়ায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

জানা যায়, ইন্দুরকানি গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের প্রিন্স আট বছর আগে প্রেম করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলায় হিন্দু সম্প্র্রদায়ের মেয়ে মিনুকে বিয়ে করেন। তাদের সংসারে চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। এরই মাঝে প্রিন্সের সঙ্গে একই গ্রামের তৃষ্ণার (১৭) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সোমবার রাতের কোনো এক সময় আমগাছের সঙ্গে প্রেমিকযুগল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে তারা আত্মহত্যা করেছে নাকি পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রিন্সের মুঠোফোনে একটি ক্ষুদে বার্তা পাওয়া গেছে। এতে লেখা রয়েছে—‘আমরা স্বেচ্ছায় আত্মহত্যা করেছি। আমাদের মৃত্যুর পর এই মোবাইল ফোনটি যে পাবেন তার কাছে অনুরোধ আমাদের দুজনকে যেন একসঙ্গে এক কবরে সমাধিস্থ করা হয়।’ এই ধরনের নোটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে।