পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে কুলসুম বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার পৌর এলাকার রাজনগরের বাসিন্দা। তিনি ওই এলাকার ইসমাইল হোসেন খোকনের স্ত্রী। তিনি করোনা পজেটিভ হিসেবে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুলসুম বেগম দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভূগছিলেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে কিডনি ডায়ালাসিস করানো হতো। গত ২৯ জুন সর্বশেষ রংপুরে তার কিডনির ডায়ালাসিস করানো হয়। বুধবারও তাকে রংপুরে নেয়ার কথা। কিন্তু ওই গৃহবধূ করোনা পজেটিভ হওয়ায় বুধবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ফোন করে চিকিৎসা করাতে অপারগতা প্রকাশ করে ফোন করেন। কলেজ কর্তৃপক্ষ ওই রোগীকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অথবা অন্যত্র নেয়ার পরামর্শ দেন।
পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা জানান, কুলসুম বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাসিস করানো হতো। তিনি তার ছেলের দ্বারা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৮ জুন তার ছেলের করোনা পজেটিভ আসে। পরে গত ২ জুলাই কুলসুম বেগমের নমুনা সংগ্রহ করা হলে গত ৪ জুলাই তার করোনা পজেটিভ ফলাফল আসে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী জানান, স্বাস্থ্যবিধি মেনে বিশেষ সতর্কতার সঙ্গে ওই গৃহবধূর দাফন সম্পন্ন করা হবে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে করোনায় ইতোপূর্বে আরও তিনজন মারা যান। এরা হলেন-পঞ্চগড়ে করোনায় সদর উপজেলার মৌলভী পাড়ার ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা, দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ ও বোদা উপজেলার সাকোয়ায় ৬৪ বছর বয়সী সাবেক ইউপি চেয়ারম্যান।
ইত্তেফাক/এএম
