এবার ‘ম্যাট্রিক্স ৪’-এ প্রিয়াঙ্কা!

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২০:১৮

হলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ার এখন বেশ শক্ত। যেহেতু নিউইয়র্কেই তার বসবার এখন, তাই যোগাযোগটাও হচ্ছে নিয়মিত।

হলিউড টিভি সিরিজ ‘কোয়েন্টিকো’ দিয়ে শুরু হয় তার হলিউড যাত্রা। এরপর হলিউডের সিনেমাতেও দেখা গেছে তাকে। এবার ‘ম্যাট্রিক্স’-এর মতো ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি।

কিয়ানু রিভেসের ‘ম্যাট্রিক্স ৪’-এ প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন ক্যারি-অ্যান মোস, দ্বিতীয় ইয়াহিয়া আবদুল মাটেন ও নীল প্যাট্রিক হ্যারিস। লকডাউনের আগে সান ফ্রান্সিসকোতে ছবির শুটিং শুরু হয়েছিল। কিন্তু মার্চ মাসে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় শুটিং। তবে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় শুটিং শুরু হয়েছে। কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কাও। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বার্লিনে চলছে শুটিং। সব ঠিক থাকলে ২০২২ সালের ১ এপ্রিল ছবিটি মুক্তি পাবে সিনেমাটি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও মন দিয়েছেন প্রিয়াঙ্কা। কিছুদিন আগে আমাজন প্রাইমের সঙ্গে ২ বছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছেন তিনি। নতুন প্রতিভাবানদের সুযোগ করে দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছিলেন এ অভিনেত্রী। বর্তমানে প্রিয়াঙ্কার দুটি আমাজন প্রজেক্টে কাজ করছেন। একটি রিয়েলিটি ড্যান্স শো। নাম ‘সংগীত’। স্বামী নিক জোনাসের সঙ্গে তিনি এর প্রযোজনা করছেন। এটি তাদের বিয়ের সংগীত থেকে অনুপ্রাণিত। এখানে বর ও কনের পরিবারগুলো বিজয়ী ট্রফির জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে।