দেড় দশকে শশীর ‘হাজার বছর ধরে’

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২০:৪৫

জহির রায়হানের উপন্যাস অবলম্বনে কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’ সিনেমাতে টুনী চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছিলেন ছোটপর্দার নন্দিত অভিনেত্রী শারমীন জোহা শশী। সিনেমাটিতে শশী চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন। ২০০৫ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। মুক্তির হিসেব অনুযায়ী সিনেমাটি মুক্তির দেড় দশক অতিক্রম করছে চলতি বছরে। দেড় দশক পরও শশী ‘টুনী’ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে সাড়া পান। এখনো কোনো নাটকের শুটিংয়ে ঢাকা কিংবা ঢাকার বাইরে গেলে সিনেমাটিকে টুনী চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সাড়া পান শশী।

শশী বলেন, এটা আমার খুবই সৌভাগ্য যে আমার জীবনের প্রথম সিনেমা ‘হাজার বছর ধরে’। শ্রদ্ধেয় জহির রায়হানের গল্পে আমি বরেণ্য চলচ্চিত্রাভিনেত্রী সুচন্দা ম্যাডামের নির্দেশনায় অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। তখন আমি একেবারেই নতুন। সুচন্দা ম্যাডামের নির্দেশনায় অভিনয়ের অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছিল সেই সময়। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই পরবর্তী জীবনে নাটকে অভিনয় করে চলেছি। সুচন্দা ম্যাডামের নির্দেশনায় কাজ করতে পারাটা শুরুর দিকে যেন আশীর্বাদই ছিল আমার জন্য। আর সহশিল্পী হিসেবে শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, রিয়াজ ভাই, শাহনূর আপু, মিলন ভাই সহ আরো অনেককে পেয়েছিলাম। এটাও আমার জন্য ছিল সৌভাগ্যের। সত্যি বলতে কি ‘হাজার বছর ধরে’র জার্নিটা আমার জীবনের এক মাইলফলক জার্নি। যতদিন বাঁচব,  মনের গহীনে ভীষণ ভালোলাগা নিয়ে এর স্মৃতিময় দিনগুলো পরম যতনে আঁকড়ে রাখব। কারণ এ আমার জীবনের স্বর্ণালী অধ্যায়।

সর্বশেষ খবর হলো— শশী বিরতির পর আবারো অভিনয়ে ফিরেছেন। এরইমধ্যে তিনি মুসাফির রনির নির্দেশনায় ‘তোলপাড়’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাদিয়া আফরিনের নির্দেশনায় একটি তথ্যচিত্রের এবং জুয়েল শরীফের নির্দেশনায় একটি সাত পর্বের ধারাবাহিকে কাজ করছেন। সেইসঙ্গে বর্ণনাথের নির্দেশনায় শশী ‘সেক্লে চেয়ারম্যান’ নাটকের কাজ শেষ করেছেন।