সাড়ে তিন মাস পরে স্বাভাবিক লেনদেনে ফিরে বুধবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। মহামারির প্রেক্ষিতে শেয়ারবাজারে ভয়াবহ ধস নামলে ১৯ মার্চ থেকে শেয়ারবাজারের লেনদেন সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়। এর মধ্যে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন বন্ধ থাকে শেয়ারবাজার। ৩১ মার্চ থেকে আবার শেয়ারবাজারে লেনদেন শুরু হলেও মঙ্গলবার পর্যন্ত এক ঘণ্টা করে লেনদেন কম হচ্ছিল। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাই গতকাল বুধবার থেকে আবার শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে।
গত ৩১ মের পর গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচকের বড় উত্থান দেখা দিয়েছে। গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ্ ৪ পয়েন্ট বেড়ে ৯২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩৮ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৯২ কোটি ৪৯ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫ কোটি ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৬৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির।
