সাউদাম্পটন টেস্ট

বৃষ্টি, তবু মাঠে নামল ক্রিকেট

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:২৯

এখন ইংলিশ গ্রীষ্ম।

এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট। সাউদাম্পটনের আগিয়াস বোলে এই সময় গ্যালারি ভর্তি দর্শক থাকার কথা ছিলো। কথা ছিলো লোকেদের সামনে থেকে হেটে গিয়ে টস করে দুই অধিনায়ক কথা বলবেন উপস্থাপকের সাথে। কিন্তু সবকিছু কেমন বদলে গেলো।

খা খা শূন্য গ্যালারি। খেলা সংশ্লিষ্ট ছাড়া একটি প্রাণী নেই। তার ভেতর দুই অধিনায়ক আর ম্যাচ রেফারি পরষ্পর থেকে দূরে থেকে টস করলেন। অধিনায়করা হাতে হাত মেলালেন না; কনুইতে ধাক্কা দিয়ে সৌজন্য সারলেন। এমনকি মাঠে উপস্থাপকও নেই। ক্যামেরাসহ একটা যন্ত্রের সামনে গিয়ে প্রতিক্রিয়া জানালেন দুই অধিনায়ক। এ যেনো নতুন এক ক্রিকেট।

হ্যা, ক্রিকেটে নতুন যুগের শুরু হলো—নিউ নরম্যাল।  চার মাস পরে অবশেষে মাঠে গড়ালো আর্ন্তজাতিক ক্রিকেট। সাউদাম্পটন টেস্ট দিয়ে ফিরলো ক্রিকেট। তবে সে খেলাও নিরিবিলি হতে পারলো না। সকাল থেকে বৃষ্টির বাগড়ায় খেলাই শুরু হলো দুপুরের পরে এসে। ৩ ওভার পরই আবার নামলো বৃষ্টি। ওই ৩ ওভারের মধ্যেই অবশ্য টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের এক উইকেট তুলে নিয়েছিলেন গ্যাব্রিয়েল। ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ৩ রান করেছে।