জার্মানির চ্যান্সেলরসহ শতাধিক রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য চুরি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৯:৪০

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ শতাধিক জার্মান রাজনীতিবিদদের ব্যক্তিগত তথ্য চুরি করে টুইটারে প্রকাশ করা হয়েছে। চুরিকৃত তথ্যগুলোর মধ্যে কোনো সংবেদনশীল তথ্য না থাকলেও একে দেশটির উপর হওয়া নিকৃষ্টতম সাইবার হামলা বলে বর্ণনা করা হচ্ছে।

সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানায়, 'কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) ছাড়া দেশটির পার্লামেন্টের অংশ আর সব দলের নেতারা কম-বেশি এই হামলার শিকার হয়েছেন। এমনকি প্রাদেশিক পর্যায়ের নেতারাও বাদ যাননি'। কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে, শুক্রবার (৪ জানুয়ারি) সকালে স্থানীয় একটি রেডিওতে তথ্য চুরির এই ঘটনার খবর প্রকাশ করা হয়।

আরো পড়ুন: কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেফতার ১​

চুরি যাওয়া এবং টুইটারে পোস্ট হওয়া তথ্যগুলোর অধিকাংশই নেতাদের ঠিকানা, ফোন নম্বর, আইডি কার্ড, অনলাইন চ্যাট, ব্যাংক লেনদেন এবং অন্যান্য আর্থিক তথ্য রয়েছে। এমনকি এসকল তথ্যের অনেকগুলোই বেশ পুরনো। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এসকল তথ্য চুরি এবং প্রকাশ করেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানায় সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।

অন্যদিকে টুইটারে পোস্ট করা রাজনীতিবিদদের তথ্যগুলোর পোস্ট করার তারিখ ডিসেম্বর মাসের প্রথম দিকে দেখানো হচ্ছে। চুরি যাওয়া তথ্যগুলো হামবুর্গ ভিত্তিক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।  আর অ্যাকাউন্টের মালিক নিজেকে নিরাপত্তা গবেষক ও শিল্পী দাবি করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি