মোংলা বন্দরের শিল্প এলাকার বিভিন্ন কলকারখানার মালামাল পরিবহনকারী গাড়ি পার্কিংয়ের জন্য বন্দরের নিজস্ব জমিতে নির্মিত পৌর ট্রাক টার্মিনালটি হঠাত্ করে বন্ধ করে দেওয়ায় সড়কে ট্রাক জট তৈরি হচ্ছে। রাস্তার দুই পাশে শত শত ট্রাক দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে গত মাসের ৭ তারিখ পৌর ট্রাক টার্মিনালটি বন্ধ করে দেয়া হয়। মোংলা থানার ওসি মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, মহাসড়কের কোথাও যাতে টোল আদায় না হয় সেজন্য টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা যদি হাইওয়ের বাইরে এবং বন্দরের নিজস্ব জায়গায় হয়ে থাকে তাহলে তারা কাগজপত্র দেখালে একটা সুরহা করা যেতে পারে। মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, বিশ্বব্যাংক থেকে লোনে টার্মিনালটি করা হয়েছে। এটি বন্ধ করে দেয়ায় কিস্তি দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এছাড়া এটি হাইওয়ের আওতাভুক্ত নয়। বন্দরের নিজস্ব জায়গায় এবং রাস্তাটি বন্দরের নিজস্ব। ভুল বোঝাবুঝির কারণেই পৌর টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, এনিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পৌর কর্তৃপক্ষ ইতিমধ্যে চিঠি দিয়েছে। আমরাও চেষ্টা করছি। আশা করা যায় দ্রুত এটির সুরহা হয়ে যাবে।
