নারায়ানগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি ৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দু’টি ও শুক্রবার রাতে অপর মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম।
জানা গেছে, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিকে আহত করার ঘটনায় তার ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে একটি, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে আরেকটি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় হান্নান বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। পরে ফারুক নামে এক আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মতি আহত হওয়ার ঘটনায় মাহবুবুর রহমানের দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে বের হন। এ সময় পথিমধ্যে আসামিরা মতিকে মারধর ও কুপিয়ে জখম করে। এতে সে মারাত্মক আহত হয়। তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়। এ মামলার আসামিরা হলেন- ইসমাইল, হান্নান, ফারুক, মজিবর, নাঈম, আলমগীর, হাসান মোস্তফাসহ অজ্ঞাত ১৫ জন। এ মামলার আসামি ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।
আরো পুড়ুন: কুমিল্লায় বাবার কর্মস্থলে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার ১
অপরদিকে পাল্টা মামলাটি দায়ের করেন ইসমাইলের ভাবী রোকেয়া বেগম। তার দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, সুমিলপাড়ার নতুন বাজার এলাকার আবেদ আলী হাজী বাড়িতে তার পৈতৃক সাড়ে ৩ শতাংশ জমি রয়েছে যা দখল করতে সেখানে আসামিরা দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে তাদের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে। এতে তাদের কয়েকজন আহত হয়। এ মামলার আসামিরা হলো- রাজ্জাক, মনির, রফিকসহ অজ্ঞাত ১০ জন। এরা সকলেই মতির সমর্থক।
সর্বশেষ মামলাটি দায়ের করা হয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায়। পানি আক্তারসহ ৭/৮ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন হান্নান মিয়া।
মামলা সূত্রে জানা যায়, পানি আক্তারসহ ৭/৮ জন সিদ্ধিরগঞ্জের মুনলাইট এলাকায় অবস্থিত সিদ্ধিরগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যালয়ে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সাংসদ শামীম ওসমানের ছবিসহ কার্যালয়ের সব আসবাবপত্র পুড়ে যায়।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, ফারুক নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
