বন্ধ হোক পাথর উত্তোলন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২২:০৩

পার্বত্য এলাকার ভূমির গঠন, পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বকীয়তা রক্ষায় এখানকার নদী, খাল, ঝিরি ও পাহাড়ের প্রয়োজনীয়তা অপরিহার্য। আর এই অপরিহার্যতা বজায় রাখতে প্রাকৃতিক পাথরের গুরুত্ব অপরিসীম। ছোটো-বড়ো এসব পাথর এই অঞ্চলের পর্যটনশিল্পে আলাদা মাত্রা যোগ করেছে। কিন্তু বিভিন্ন কারণে ও অবৈধ মুনাফার লোভে একশ্রেণির মানুষ পাহাড়ি এলাকার বিভিন্ন উত্স থেকে নির্বিচারে পাথর উত্তোলন করে যাচ্ছে। যা পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। অবাধে পাথর উত্তোলন নিরাপদ পানির সংকটকে প্রকট করার পাশাপাশি নদী ভাঙন ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের পথ মসৃণ করছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিধিমালা অনুযায়ী, নদী ও এ ধরনের জলাশয় থেকে ভাসমান পাথর ছাড়া তলদেশ খুঁড়ে পাথর সংগ্রহের অনুমতি না থাকলেও প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা যাবতীয় আইন ও বিধিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সড়ক উন্নয়ন কাজে খরচ কমাতে অনেকেই পার্শ্ববর্তী পাহাড়, ঝিরি বা নদীর তলদেশ থেকে পাথর আহরণ করে থাকে। পাথর উত্তোলনের দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়াকে পাশ কাটিয়ে উন্নয়ন দোহাই দেওয়া গ্রহণযোগ্য নয়। তাই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভয়াবহ দুর্যোগ থেকে পাবর্ত্য অঞ্চল ও এখানকার জনসাধারণকে রক্ষায় নির্বিচারে পাথর উত্তোলন বন্ধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবু ফারুক

বনরূপা পাড়া, বান্দরবান