পাবনার চাটমোহরের হান্ডিয়ালে প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা চাটমোহর সরকারি কলেজের ছাত্র হাবিবুর রহমান হাবিব হত্যার ঘটনার ২৫ দিন পার হলেও মামলার আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত হাবিবের বাবা ও মামলার বাদী মো. আ. রাজ্জাক, তার মা-বোন এবং এলাকাবাসী। হাবিব হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী পোস্টারিং করেছে। করেছে মানববন্ধন ও প্রতিবাদ সভা। তারা দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসছে হাবিবের স্বজনরা।
নিহত হাবিবের পিতা আ. রাজ্জাক জানান, ১৪ জুন বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এলাকার রাকিবুল ও তন্ময়ের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে হাবিব মীমাংসার চেষ্টা করেন। এটাই কাল হয়েছে তার। ওই দিন রাতে হান্ডিয়াল বাজারে বালিকা বিদ্যালয় গলির একটি চা স্টলে ধারালো অস্ত্রাঘাতে হত্যা করা হয় হাবিবকে। হাবিবের পিতাসহ পরিবারের সদস্যদের বক্তব্য, হাবিব দলীয় কোন্দলে খুন হয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হয়েছে। ১১ জনের নাম উল্লেখ ও ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ১৫ জুন মামলা করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
