ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ২১ জন বাংলাদেশি আরোহীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বিমান থেকে ১২৫ বাংলাদেশিকে নামতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে রেখেছে ইতালি। বাংলাদেশিদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে ইতালির ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের পর বর্তমানে পাঁচ নম্বর টার্মিনালে রয়েছে। গতকাল বুধবার ইতালির স্থানীয় গণমাধ্যম আইএল মেসেজারোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলছে, বিমানটি ঢাকা থেকে সরাসরি রোমে আসেনি। যে কারণে বাঙালি যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া উচিত। কাতার এয়ারওয়েজ ইতালির সরকার এবং ইন্যাকের বিমান পরিবহন সংক্রান্ত সব ধরনের বিধি-বিধান সতর্কতার সঙ্গে অনুসরণ করছে। আইএল মেসেজারো বলেছে, ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে কাতার এয়ারওয়েজের ঐ বিমানের ১২৫ বাংলাদেশি আরোহী ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিমানবন্দরে বিমান থেকেও তারা নামতে পারবেন না। তবে জরুরি মেডিক্যাল সেবার দরকার হলে বিমান থেকে নামার অনুমতি পাবেন তারা। কাতার এয়ারওয়েজের ঐ ফ্লাইটেই বাংলাদেশি যাত্রীদের রোমের স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল ৪টায় দোহায় ফেরত পাঠানোর কথা। তবে বিমানটিতে থাকা অন্যান্য দেশের ৮০ যাত্রীর নামার অনুমতি মিলেছে। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরোহীদের মধ্যে বাংলাদেশি এক জন নারী অসুস্থ বোধ করায় স্বাস্থ্য কর্মীদের সহায়তা চেয়েছিলেন। কিন্তু ইতালীয় কর্তৃপক্ষ ঐ নারীকে দীর্ঘ যাত্রার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, যা কোভিড-১৯ এর সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানিয়ে দেয়।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, ‘গত সোমবার ঢাকা থেকে রোমে অবতরণ করা বিমানের ২২৫ জন যাত্রীর অনেকেই ‘করোনা পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়। বাংলাদেশ থেকে ইতালিতে গত সোমবারের ফ্লাইটের ২২৫ জন যাত্রীর অন্তত ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়। তবে এখনো সবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি—এই তথ্য জানিয়ে লািসও রাজ্যের স্বাস্থ্য কমিশনার আলেসিও ডি’ আমাতো বাংলাদেশ থেকে আসা ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করে বলেন, আমরা সেটিকে নিস্ক্রিয় করেছি।’
দুবাই-আবুধাবিতে ৯ জুলাই থেকে বিমানের ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছে স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে আজ বৃহস্পতিবার থেকে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক গণমাধ্যমকে গতকাল একথা জানান।
১৭ জুলাই থেকে মালয়েশিয়া এয়ারলাইন্স চলবে
ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স। ফ্লাইট পরিচালনার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের এ অনুমতি দেয়। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। এ প্রসঙ্গে মালয়েশিয়া এয়ারলাইন্সের (বাংলাদেশ) জেনারেল সেলস এজেন্ট (জি এস এ) প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন জানান, মালয়েশিয়া এয়ারলাইন্স ১৭ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর ও কুয়ালালামপুর হয়ে বিভিন্ন গন্তব্যে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা করবে।
