ক্রেস্ট সিকিউরিটিজের এমডি ও পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০০:২৪

ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহসহ প্রতিষ্ঠানটির অন্য পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল বুধবার বিএফআইইউ থেকে পাঠানো এক চিঠিতে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। তদন্তের স্বার্থে আগামী ৩০ দিন এসব হিসাবের সব ধরনের লেনদেন অবরুদ্ধ  বা বন্ধ থাকবে।

জানা গেছে, বিনিয়োগকারীদের ১৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ইতিমধ্যে লক্ষ্মীপুর ও নোয়াখালী সীমান্ত থেকে শহীদ উল্লাহ এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহর নিজ নামে অথবা স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে পরিচালিত সব হিসাব মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হলো। চিঠিতে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ, পরিচালক নিপা সুলতানা নূপুর এবং অপর পরিচালক ওয়াহিদুজ্জামানের নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশের পুঁজিবাজারে কেলেংকারির জন্মদাতা ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহ প্রতিষ্ঠানটির গ্রাহকদের জমাকৃত ১৮ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঐ প্রতিষ্ঠানে গ্রাহকদের টাকার পরিমাণ ছিল আরো বেশি। এর পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা বলে জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এই সদস্য প্রতিষ্ঠানটিতে ২২ হাজার গ্রাহক রয়েছে। সোমবার পুলিশের গোয়েন্দা শাখা ডিবির হাতে গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে মো. শহীদ উল্লাহ এই টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকা থেকে স্ত্রী নিপা সুলতানসহ তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।