ভারতে গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত তিন ট্রাস্টে অনিয়ম

তদন্ত কমিটি করেছে মোদি সরকার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০০:২৯

ভারতে গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত তিনটি ট্রাস্টের অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গান্ধী পরিবারের সঙ্গে জড়িত তিনটি ট্রাস্টের বিরুদ্ধে বিশেষ তদন্ত করা হবে। কংগ্রেস অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা আক্রমণ করেছে সরকারকে। তাদের বক্তব্য, লাদাখ সমস্যা থেকে চোখ ঘোরানোর জন্যই সরকার এ কাজ করেছে। খবর ডয়চেভেলে ও আনন্দবাজার পত্রিকার

যে তিনটি ট্রাস্টের বিরুদ্ধে তদন্তের কথা বলা হয়েছে সেগুলো হলো—রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, এই ট্রাস্টগুলো আইন ভেঙে বিদেশ থেকে টাকা নিয়েছে। আয়কর দেওয়ার ক্ষেত্রেও গরমিল আছে। এমনকি টাকা নয়ছয় বা মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরোক্টোরেটের একজন বিশেষ কর্মকর্তা এর তদন্ত করবেন।

অভিযোগ অস্বীকার কংগ্রেসের

কংগ্রেস গোড়া থেকেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। আর গতকালের তদন্তের সিদ্ধান্তের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পালটা তোপ, সরকার ভয় পেয়ে যাকে খুশি তার বিরুদ্ধে অভিযোগ তুলে আনছে। রাহুল গান্ধী বলেন, ‘মিস্টার মোদি (নরেন্দ্র মোদি) মনে করেন, গোটা বিশ্বই তার মতো। তিনি মনে করেন, প্রত্যেককে ভয় দেখিয়ে কাজ করা যায়। তিনি কখনো বুঝবেন না যে, যারা সত্যের জন্য লড়াই করেছেন তারা কোনো মূল্যের জন্য করেনি। ভয় দেখিয়ে তাদের থামানো যায় না’।