গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামী সাইফুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে স্ত্রী বিউটি আক্তার। গতকাল সকালে দত্তপাড়া হিমারদীঘি এলাকার আব্দুল কুদ্দুসের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল রংপুর জেলার গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। তিনি পেশায় হকার ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি আক্তারকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও পিবিআই এর কর্মকর্তারা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত্ পরকীয়ার জেরে পারিবারিক কলহে জড়ায় এই দম্পতি। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুরি চালিয়ে হত্যা করে। ভাড়াটিয়ারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে আরিফ বলেন, মা-বাবা প্রায় সময়ই ঝগড়া করত। ঘটনার দিন সকালে আবার ঝগড়া করে অফিসে যাওয়ার আগে বাবাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর ঘরে তালা বন্ধ করে চলে যায়। এঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
