সিটিতে অজেয় যাত্রা থামল লিভারপুলের

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:০০

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকটা বাঁচা মরার লড়াইয়ে লিভারপুলকে হারিয়েছে। এই হারের ফলে কোচ য়ুর্গেন ক্লপের দলের টানা ২০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ছেদ পড়েছে।

সিটি কোচ পেপ গার্দিওলার দারুণ সফল ক্যারিয়ারে ক্লপের সঙ্গে তার দ্বৈরথ অনেকটা চাঁদের কলঙ্কের মতো হয়ে দাঁড়িয়েছিল। শেষ চারবারের দেখায় হেরেছেন তিন বারই, যার দুটি ছিল গেলবারের চ্যাম্পিয়ন্স লিগে। সঙ্গে যোগ করুন ম্যাচের আগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে সিটির সাত পয়েন্টের ব্যবধান, পা হড়কালেই অল রেডরা চলে যেত একেবারে ধরাছোঁয়ার বাইরে! সব মিলিয়ে গার্দিওলা এবং তার দলের উপর চাপটা ছিল এভারেস্টসম!

এমন এক ম্যাচে মাঠে নামার আগে লিভারপুলকে ‘বিশ্বসেরা দল’ আখ্যা দিয়ে চাপটা খানিকটা ক্লপের উপরই দিয়ে দিতে চাইছিলেন গার্দিওলা! কিন্তু তাতে আর ফল মিললো কই? ম্যাচের শুরু থেকেই সাঁড়াশি আক্রমণে স্বাগতিক সিটিকে চেপে ধরে সফরকারীরা। ১৮ মিনিটে সাদিও মানের শট বারপোস্টে প্রতিহত না হলে শুরুতে এগিয়ে যেতে পারতো লিভারপুলই। এর কিছুক্ষণ পর সিটির দুর্দশা আরও ঘনীভূত হতে পারতো! লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহকে দুই পায়ে চ্যালেঞ্জ করে বসেন সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। কিন্তু তা রেফারির চোখ এড়িয়ে যায় বলে এ যাত্রায় হলুদ কার্ড দেখেই পার পেয়ে যান বেলজিয়ান ডিফেন্ডার।

৪০ মিনিটে অনেকটা ধারার বিপরীতে গিয়েই এগিয়ে যায় সিটি। ডান প্রান্ত থেকে বার্নার্দো সিলভার ক্রসে দুরূহ এক কোণ থেকে লিভারপুল জালে বল জড়ান সিটি ফরোয়ার্ড আগুয়েরো। এ নিয়ে লন্ডনের ক্লাবটির বিপক্ষে টানা সপ্তম ম্যাচে গোলের দেখা পান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৬৪ মিনিটে অ্যান্ডি রবার্টসনের ক্রসে মাথা ছুঁইয়ে লিভারপুলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। তবে সিটি জবাব দিতে সময় নিল মাত্র আট মিনিট। ৭২ মিনিটে রহিম স্টার্লিংয়ের থ্রু বল নিয়ে লিভারপুল বক্সে ঢুকে পড়েন সিটি ফরোয়ার্ড লেরয় সানে। সেখান থেকে এলিসনকে কোনো সুযোগ না দিয়েই সিটির জয়সূচক গোলটি করেন তিনি। 

ম্যাচ হারলেই শিরোপা ধরে রাখার কক্ষপথ থেকে অনেকটাই ছিটকে যেতে হত সিটিকে। এমন লড়াইয়ে সতীর্থরা নিজেদের সেরাটা নিংড়ে দিয়েই জিতেছে বলে মনে করছেন সিটি অধিনায়ক কম্পানি। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘ফলাফল নিয়ে আমি মোটেও চিন্তিত নই। দলের এমন পারফর্মেন্সে আমি মুগ্ধ। দারুণ আক্রমণাত্মক এক দলের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি! এটা এখনো লিভারপুলের হাতেই আছে কিন্তু আজকের মতো পারফর্মেন্স আমি আগে কখনো দেখিনি।’

হারে অজেয় যাত্রার সমাপ্তি ঘটলেও এতে মোটেও বিচলিত নন বলে জানালেন লিভারপুল কোচ। ক্লপ বলেন, ‘যদি কেউ আমাকে বলতো ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুটো খেলার পর আমরা তাদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছি, আপনি হয়তো বিশ্বাস করবেন না আমি এর জন্য অর্থ ব্যয় করতেও রাজি থাকতাম!’

ক্লপ আরও বলেন, ‘এখনো সবকিছু ঠিকই আছে আমাদের জন্য। তবে এই মুহূর্তে নয়, এটা সত্যিই বাজে এক অনুভূতি কিন্তু এটা কেবলই একটা মুহূর্তের জন্য!’