করোনা রোগী শনাক্তকরণ যন্ত্র পিসিআর ল্যাবরেটরি না থাকায় পাবনা জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্তে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি করেছেন জেলাবাসী। এদিকে পাবনার সিভিল সার্জন পিসিআর লাবরেটরি স্থাপনের জন্য পর পর তিনটি চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব বরাবর। কিন্তু এ পর্যন্ত পিসিআর ল্যাব স্থাপনের ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি। জেলায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে বৃহস্পতিবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে সচেতন পাবনাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনা দেশের অন্যতম পুরোনো জেলা হলেও এখানে পিসিআর ল্যাব স্থাপন না হওয়াটা দুঃখজনক। পাবনা থেকে রাজশাহীতে নমুনা পাঠিয়ে রিপোর্ট পেতে দেরি হয়। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন দেওয়ান মাহবুব, কাজী বাবলা, শিশির ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আসাদ বাবু, লাবিব সুনাম, ওহিদুল ইসলাম, জীবন কুমার সরকার প্রমুখ।
জানা গেছে, পাবনা মেডিক্যাল কলেজে মাইক্রো বাইয়োলজি বিভাগে পিসিআর মেশিন বসানোর জন্য সিভিল সার্জন ডাক্তার মো. মেহেদী ইকবাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রথম চিঠিটি পাঠান ১৪ জুন। এর পর ২৪ জুন আরও একটি আবেদনপত্র পাঠান। সর্বশেষ গত ৫ জুলাই আরও একটি চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য সচিব বরাবর।
পাবনা জেলায় করোনাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সচিব (রেল মন্ত্রণালয়) সেলিম রেজাকেও পাবনার জনগণের পক্ষ থেকে পিসিআর ল্যাবরেটরি স্থাপনের জন্য আবেদন জানানো হয়েছে।
ইত্তেফাক/এসি
