বরগুনায় মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৪৪

বরগুনায় ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করেছে মেডিক্যাল টেকনোলজিস্টরা। জরুরি সেবা অব্যাহত রেখে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বরগুনা জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট সুভাষ দত্তের নেতৃত্বে স্থানীয় মেডিক্যাল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন। 

তারা বয়সোত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার বেকার মেডিক্যাল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান ও মেডিক্যাল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি, চাকরির শুরুতে মেডিক্যাল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণ এবং ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালুকরণসহ ছয় দফা দাবি তুলে ধরেন।