ইন্টারনেটের মান ও মূল্য যেন শাঁখের করাত

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৪৫

করোনার কারণে সমগ্র বিশ্বেই বিপুলসংখ্যক শিক্ষার্থী অনলাইনে শিক্ষাকার্যক্রম চালাইয়া যাইতেছে। শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখিতে এই মুহূর্তে ইহার বিকল্প নাই; কিন্তু দুঃখের বিষয় হইল, আমরা যতই ‘ডিজিটাল বাংলাদেশ’ বলিয়া উচ্চ কণ্ঠে আওয়াজ তুলি না কেন, প্রকৃতপক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ’ হইতে আমরা বিশ বাঁও জলে ডুবিয়া রহিয়াছি। আমাদের না রহিয়াছে উচ্চগতির ইন্টারনেট, না রহিয়াছে সাশ্রয়ী প্যাকেজ। শাঁখের করাতের মতো ইন্টারনেটের শ্লথগতি ও উচ্চমূল্য আমাদের উভয় দিকেই কাটিয়া ফালাইতেছে। করোনার কারণে অনেক শিক্ষার্থীই এখন মফস্সলে চলিয়া গিয়াছেন। এইদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করিয়াছে। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। বিশ্ববিদ্যালয় বন্ধের পর তিনি ঝিনাইদহে চলিয়া গিয়াছেন এবং জুন মাসে তাহার বিভাগে অনলাইন ক্লাস চালু হইবার পর তিনি মহা বিপাকে পড়িয়াছেন। কারণ তাহার এলাকায় ইন্টারনেটের দুর্বল নেটওয়ার্ক। একদিন এমনও হইয়াছে যে, ক্লাসের মাঝামাঝি সময়ে হঠাত্ করিয়া ইন্টারনেটের গতি ভীষণ কমিয়া গেলে তাহাকে ইন্টারনেটের নেটওয়ার্ক পাইতে গাছে উঠিয়া বাকি ২৫ মিনিট ক্লাস করিতে হইয়াছে। এই শ্লথগতির ইন্টারনেট ক্রয় করিতেই জোবায়েদের মাসে খরচ হইতেছে ৬০০ হইতে ৭০০ টাকা!

জোবায়েদের ঘটনা সমগ্র বাংলাদেশের সাধারণ প্রতিচ্ছবি। গ্রামীণফোনের ওয়েবসাইটে গিয়া দেখা গিয়াছে—৩০ দিনের জন্য তাহাদের মাত্র ১২ জিবি ইন্টারনেট প্যাকেজের মূল্য ৪৯৮ টাকা। অন্যদিকে রবির বিশেষ ইন্টারনেট প্যাকেজ ৩০ দিনের জন্য ৩০ জিবি ৪৪৯ টাকা। সাধারণভাবে ২৮ দিনের জন্য রবি ২০ জিবি ইন্টারনেটের মূল্য রাখে ৬৪৯ টাকা। সঠিক মানের ভিডিও প্ল্যাটফরমে মাসে নিয়মিত ক্লাস করিতে একজন শিক্ষার্থীর কমপক্ষে ২০ হইতে ৩০ জিবি ডাটা খরচ হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইন্টারনেট খরচ স্পষ্টতই ডাকাতির মতো। তাহা বোঝা যায় প্রতিবেশী ভারতের মোবাইল ইন্টারনেটের প্যাকেজের মূল্য যাচাই করিয়া। ভারতে ভোডাফোন কোম্পানির ৮৪ দিনের জন্য প্রতিদিন চার জিবি ইন্টারনেট (মোট ৩৩৬ জিবি) প্যাকেজের মূল্য মাত্র ৬৯৯ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮১২ টাকা)। কেবল তাহাই নহে, এই টাকায় সকল ভয়েজ কল ও এসএমএস তিন মাসের জন্য সম্পূর্ণ ফ্রি। অর্থাত্ মাসে ১২০ জিবি ইন্টারনেট, ফ্রি ভয়েজ কল ও এসএমএসের মূল্য মাত্র ২৯০ টাকা! ভোডাফোনের প্যাকেজের মূল্য সকলের চাইতে অধিক। আরো সাশ্রয়ী প্যাকেজ মিলিতেছে এয়ারটেল ও জিয়ো মোবাইল অপারেটর হইতে। প্রথম বিশ্বে ফ্রি হটস্পট থাকে বলিয়া মোবাইল ডাটা ব্যবহার করিতেই হয় না। তাহার পরও যুক্তরাজ্যে ‘থ্রি’ মোবাইল কোম্পানি ৩০ দিনে ১৮ পাউন্ড মূল্যে আনলিমিটেড ডাটা, ভয়েজ কল এবং এসএমএস প্যাকেজ দিতেছে। ইহার সহিত রহিয়াছে সর্বাধুনিক ফাইভ-জি রেডি নেটওয়ার্ক, পার্সোনাল হটস্পট এবং বিশ্বের যে কোনো জায়গায় রোমিং ফ্রি। স্মার্টি, ভোডাফোন ইউকে কোম্পানিও একই সুবিধা দিতেছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অবশ্য সম্প্রতি বলিয়াছেন, শুধু শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ইন্টারনেট প্রদান অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়া যায় কি না—সেই বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলির সহিত সরকার আলোচনা করিতেছে। মনে রাখিতে হইবে, ইন্টারনেট এখন বিলাসিতা নহে, বরং বিশ্বের উন্মুক্ত জ্ঞানভান্ডারে প্রবেশপথের চাবিকাঠি। সেই চাবিকাঠি যদি দুর্লভ হয়, অর্থাত্ অধিকমূল্যে ক্রয় করিতে হয়, তবে তাহা আত্মঘাতী হইবে।