রেকর্ড গড়ে রেকর্ডের কাছে লিভারপুল

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৫০

লিগ জেতা হয়ে গেলেও লিভারপুল সুতোয় ঢিল দেওয়ার মেজাজে নেই একটুও। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৩-১ ব্যবধানে হারিয়ে এক মৌসুমে দ্রুততম সময়ে ৩০তম জয়টি তুলে নিয়েছেন মোহামেদ সালাহরা।

প্রতিপক্ষের মাঠে ৮ মিনিটেই সালাহ আর অধিনায়ক জর্ডান হেন্ডারসনের কল্যাণে দুই গোলে এগিয়ে যায় অল রেডরা। বিরতির আগে স্বাগতিক ব্রাইটন ব্যবধান কমালেও ৭৬ মিনিটে সালাহর ব্যক্তিগত দ্বিতীয় গোলে সব শঙ্কা মুছে যায় ম্যাচের।

৩৪তম ম্যাচ দিবসে এ জয়ের ফলে এক মৌসুমে সবচেয়ে কম সময়ে ৩০তম জয় তুলে নেওয়া দলটিও বনে গেছে কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে এরচেয়ে বড় কীর্তিও হাতছানি দিয়ে ডাকছে অল রেডদের।

এক মৌসুমে সবচেয়ে বেশি জয়ের কীর্তি ম্যানচেস্টার সিটির। ২০১৭-১৮ আর ২০১৮-১৯ মৌসুমে ৩২টি করে জয় তুলে নিয়েছিল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। শেষ চার ম্যাচের তিনটিতে জিতলে এ কীর্তি হয়ে যাবে লিভারপুলের একার সম্পত্তি। সেটা করতে পারলে ৩৪ ম্যাচে ৯২ পয়েন্ট অর্জন করা লিভারপুল এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনের রেকর্ডটাও ভেঙে ফেলবে। ২০১৭-১৮ মৌসুমে ১০০ পয়েন্ট নিয়ে লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ জেতা সালাহদের সামনে আছে অনন্য এক কীর্তিও। শেষ দুই হোম ম্যাচে বার্নলি আর চেলসিকে হারাতে পারলেই ইতিহাসের প্রথম দল হিসেবে ঘরের মাঠের সব কয়টা ম্যাচ জেতার কৃতিত্ব দেখাবে লিভারপুল।

বুধবার রাতের অন্য ম্যাচে সিটির ‘অর্জন’টাও নেহায়েত কম কিছু হয়নি। সাউদাম্পটনের কাছে হারের দুঃখ নিউক্যাসলকে ৫-০ ব্যবধানে হারিয়ে ভুলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেদের মাঠ ইতিহাদে বুধবার গোলগুলো করেন গ্যাব্রিয়েল জেসাস, রিয়াদ মাহরেজ, ডেভিড সিলভা, রাহিম স্টার্লিং; অন্য গোলটি আসে নিউক্যাসল খেলোয়াড় ফ্রেদেরিকো ফার্নান্দেজের গা ছুঁয়ে, আত্মঘাতী গোল হিসেবে।

এর ফলে চলতি মৌসুমে এ নিয়ে পঞ্চম বারের মতো পাঁচ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সিটি। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এতবার পাঁচ গোলে জয় নেই আর কারো।জেসাস আর মাহরেজের গোলের ফলে চলতি মৌসুমে সিটির দশ গোল করা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল পাঁচ-এ। প্রিমিয়ার লিগ যুগে এমন কীর্তি নেই আর কোনো দলেরই!