সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে শিবচর উপজেলায় ২০ শয্যার বিশেষায়িত একটি করোনা আইসোলেশন কেন্দ্র চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে আলহাজ আবুল কাশেম উকিল ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালটিকে করোনা রোগীদের সুচিকিত্সা প্রদানের জন্য ২০ শয্যার আইসোলেশন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়। কেন্দ্রটিতে চিফ হুইপের ব্যক্তিগত অর্থায়নে সংযুক্ত করা হয়েছে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, পালস্ অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সুবিধা। নিয়োগ দেওয়া হয়েছে দুই জন চিকিত্সক, দুই জন নার্সসহ সাত জন স্বাস্থ্যকর্মী। ১০ দিন পরপর স্বাস্থ্যকর্মীরা ১৪ দিন হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। রোগীদের খাবার ব্যবস্থাও রয়েছে। আইসোলেশন কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, হাজী বদরুদ্দোজা বাদরু উকিল প্রমুখ।
