রাজধানীর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের দেশত্যাগের আশঙ্কা রয়েছে। এ কারণেই ইমিগ্রেশন পুলিশকে বলা হয়েছে তাকে দেশত্যাগ করতে না দেওয়ার জন্য। এদিকে সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সকালে রাজধানীর নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
করোনা টেস্ট না করে ফলাফল দেওয়া, লাইসেন্সের মেয়াদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুরের দুটি শাখা সিলগালা করে দেয় র্যাব। পরে তার বিরুদ্ধে মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। টেস্ট না করেই ফলাফল দিয়ে তারা প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এসব অভিযোগে সোমবার রিজেন্টের আট জন কর্মকর্তাসহ মোট ৯ জনকে আটক করা হলো।
