সরকারিভাবে প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উদ্যাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৫ আগস্ট দিবসটি উদ্যাপনে গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামাল। তিনি শুধু আধুনিক ফুটবলের রূপকারই নন, দেশের সকল খেলাধুলার উন্নয়নে রয়েছে তার অনবদ্য ভূমিকা। আমরা প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছি। দিবসটি উদ্যাপনে বিস্তারিত কর্মসূচি নিচ্ছি। তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মসূচি পালন করা হবে। তার বর্ণাঢ্য জীবনের পূর্ণাঙ্গ ডকুমেন্টারি তৈরি করব। যেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে তার অবদান তুলে ধরা হবে।
সভায় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সাহেদ রেজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি হারনুর রশীদ, বিশিষ্ট ক্রীড়াবিদ তানভীর মাজহার তান্না ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু অংশগ্রহণ করেন।
