করোনা ভাইরাস মহামারির পরবর্তী হটস্পট কি ভারত?

আপডেট : ১০ জুলাই ২০২০, ০০:৪৫

ভারতে করোনা ভাইরাস সংক্রমণের শুরুটা ছিল ধীরগতির। কিন্তু ছয় মাস পরে এটা রাশিয়াকে অতিক্রম করে এখন বিশ্বে তৃতীয়। জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় স্থানে। দেশটি বিশ্বে করোনার হটস্পট হয়ে উঠতে পারে। ইতোমধ্যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমনআইটি) এক গবেষণায় বলেছে, ফেব্রুয়ারিতে দেশটিতে দিনে প্রায় তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। গতকালও প্রায় ২৫ হাজার সংক্রমিত হয়েছে।

হটস্পট হবে ভারত?

ভারতে জনসংখ্যার তুলনায় পরীক্ষার সংখ্যা কম, যে কারণে শনাক্তের সংখ্যা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। গতকাল পর্যন্ত ৭ লাখ ৬৭ হাজার ২৯৬ জন শনাক্ত হয়েছে দেশটিতে। এক দিনে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৮৭৯ জন। সুস্থ হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৩৭৮ জন। মারা গেছে ২১ হাজার ১২৯ জন। দেশটিতে প্রতি বিশ দিনে মোট সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ১৩ মার্চ থেকে ১ কোটির বেশি পরীক্ষা করেছে ভারত। কিন্তু এই ১ কোটির মধ্যে অর্ধেকই জুন মাসের এক তারিখের পরে। তবে এই দেশটিতে মৃত্যুহার অনেক কম।

স্কুল খুলতে ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে করোনা ভাইরাসের কারণে স্কুল খুলতে অস্বীকৃতি জানালে সেসব স্কুলকে অর্থ দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, স্কুলগুলো চালু করা পরিবার ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা রাজনৈতিক কারণে স্কুল বন্ধ রাখতে চায়। আলাদা টুইটে তিনি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষ সিডিসির করোনা ভাইরাস গাইডলাইনের সমালোচনা করে বলেন, এগুলো অবাস্তব। জাতীয় শিক্ষা সমিতির প্রেসিডেন্ট লিলি এসকেলসেন গার্সিয়া সিএনএনকে বলেছেন, ট্রাম্প গত ৪৮ ঘণ্টায় যা কিছু বলেছেন সেগুলোর কোনটাই নিরাপদ ও দায়িত্বশীল বক্তব্য নয়। আইন অনুসারে প্রেসিডেন্ট এককভাবে স্কুলকে দেওয়া কেন্দ্রীয় অর্থ সাহায্য বাতিল করতে পারেন না। বেশিরভাগ অর্থ আসেই রাজ্য সরকারের কাছ থেকে। কেন্দ্রীয়ভাবে দেওয়া হয় বাড়তি কিছু সাহায্য।