বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মধ্য মহেশপুরের মিয়া বাড়ির সামনের জনগুরুত্বপূর্ণ এলজিইডির আয়রন ব্রিজটি সম্পূর্ণ ভেঙে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
রামনগর হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল জলিল আকন জানান,এই আয়রন ব্রিজটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর্যন্ত ব্রিজটি ভেঙে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কেউ সংস্কারের জন্য এগিয়ে আসেনি। বিভিন্ন সময় এলাকাবাসী বাঁশ, কলাগাছ ও সুপারি গাছ দিয়ে মেরামত করলেও তা টেকসই হচ্ছে না। তিনি আরও জানান, এ ব্রিজ দিয়ে রামনগর, কাফিলা, আঙ্গুলকাটা, বাহাদুরপুর ও মধ্য মহেশপর গ্রামের মানুষসহ রামনগর হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসা, জনতা মাধ্যমিক বিদ্যালয়, কাফিলা রামনগর মাধ্যমিক বিদ্যালয়, কাফিলা রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পুর্ব মহেশপুর ফাজিল মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক যাতায়াতের জন্য এ ব্রিজটি ব্যবহার করেন।
মধ্য মহেশপুর বাজারের ব্যবসায়ী নাসির আকন জানান, আমার বাড়ি বাজারের ওপাড়ে। আগে ঝুঁকি নিয়ে ব্রিজ পাড় হলেও এখন প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘুরে বাড়িতে যাতায়াত করতে হয়। তাছাড়াও এ বাজারটি এ অঞ্চলের মানুষের ক্রয় বিক্রয়ের একমাত্র মাধ্যম। বিধায় ব্রিজটি সংস্কারের থেকেও পুননির্মাণ করা জরুরি।
নিয়ামতি ইউপি চেয়ারম্যান রুহুল আমিন মাসুম জানান,এ ইউনিয়নে আয়রন ব্রিজ সংস্কারের জন্য জেলা পরিষদের কোটায় একলক্ষ বিশ হাজার টাকা বরাদ্দ এসেছে শীঘ্রই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে বলে আশাকরি তবে পুনঃনির্মানই হল এ সমস্যা সমাধানের স্থায়ী উপায়।
বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল খায়ের মিয়া বলেন, শীঘ্রই পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুননির্মাণ নাকি সংস্কার হবে তা বরাদ্দের ওপর নির্ভর করছে।
ইত্তেফাক/এসি
