করাব গ্রামে গ্রেফতার আতঙ্ক
হবিগঞ্জ প্রতিনিধি
লাখাই উপজেলার করাব গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে সংঘর্ষে জড়িত উভয়পক্ষের ৪২ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশ জানায়, লাখাই উপজেলার করাব গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৯ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে লাখাই থানা এবং হবিগঞ্জ থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে
১৫ ঘণ্টা পর শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার সড়কে যানবাহন চলাচল শুরু
শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পরে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের লছনা এলাকায় বাইপাস ডাইভারশনে একটি ক্রেনবাহী লরি দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দিনব্যাপী বিভিন্ন এলাকার লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মালবাহী ট্রাক আটকা পড়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। বৃহস্পতিবার বিকেল ৫টায় অপর একটি ক্রেন দিয়ে লরিটিকে সরিয়ে দিলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
সাতগাঁও হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নানু মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত গভীর রাতে আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা ফ্যাক্টরির সামনে বাইপাস ডাইভারশনে একটি ক্রেনবাহী লরি দেবে যায়। ফলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেটের শেরপুর থেকে একটি ক্রেন এনে দেবে যাওয়া ক্রেনবাহী লরিটিকে উদ্ধার করলে বৃহস্পতিবার বিকেল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
