কারেন্ট জালে অসাধু জেলেদের মাছ শিকার!

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৩

বিভিন্ন স্থানে অভিযানে জাল জব্দ

শাহীন হাফিজ, বরিশাল অফিস

বর্ষা মৌসুমে বরিশালের বিভিন্ন নদনদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে বেপরোয়া হয়ে উঠেছে অসাধু জেলেরা। গ্রামগঞ্জের হাটগুলোতে এ জাল বিক্রি করতে দেখা গেছে। ফলে অসাধু জেলেরা অধিক লাভের আশায় নদনদীতে কারেন্ট জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ ধরছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে কোস্ট গার্ড ও নৌপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে। হিজলা নৌ-পুলিশের ওসি শেখ বেল্লাল হোসেন জানান, ৮ জুলাই হিজলা উপজেলার হরিনাথপুর লঞ্চঘাট থেকে ১০ বস্তা কারেন্ট জাল আটক করা হয়। প্রায় ৯০ লাখ টাকার জালসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করে। ৭ জুলাই কোস্টগার্ড হিজলা উপজেলার মেঘনা নদীর বাউশিয়া, চর হিজলা, লালখারাবাদ, শিন্নিরচর, চর শেফালী, বামনের চর, নলবুনিয়া, ভইসপট্রি, কাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। এর আগে গত ১৫ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে নৌপুলিশ অভিযান চালিয়ে ৪৬ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। জেলা মত্স্য দপ্তরের মত্স্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কারেন্ট জাল ব্যবহারে দেশি মাছের পোনা ধরে ফেলায় মিঠাপানির মাছ বিলুপ্ত হতে চলেছে।