চ্যাম্পিয়নস লিগ এক নজরে
কোয়ার্টার ফাইনাল ১ সিটি / রিয়াল-জুভেন্তাস / লিওঁ
কোয়ার্টার ফাইনাল ২ লাইপজিগ-অ্যাটলেটিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৩ বার্সা / ন্যাপোলি-বায়ার্ন / চেলসি
কোয়ার্টার ফাইনাল ৪ আতালান্তা-পিএসজি
সেমিফাইনাল ১ কোয়ার্টার ফাইনাল ১ ও ৩ জয়ী
সেমিফাইনাল ২ কোয়ার্টার ফাইনাল ২ ও ৪ জয়ী
স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের বাকি অংশ শুরু হবে আগামী ৭ আগস্ট। তবে তার আগেই গতকাল ফাইনালের পথের ছকে ফেলেছেন আয়োজকেরা। সবকিছু ঠিকঠাক এগোলে ২০১০-১১ মৌসুমের পর আবারও সেমিফাইনালে মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।
গতকাল শুক্রবার ড্রয়ে দেখা যায়, কোয়ার্টার ফাইনালে নেইমারদের পিএসজি মুখোমুখি হবে প্রথমবারের মতো কোয়ার্টারে আসা আতালান্তার। শেষ আটে আরেক নবাগত দল রেডবুল লাইপজিগের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লড়াইয়ের বিজয়ী দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে।
নকআউটের অন্যপাশের রাস্তাটা বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজেদের মাঠে হারের শোধ যদি রিয়াল মাদ্রিদ তুলতে পারে তাহলে পরের রাউন্ডে তাদের দেখা হয়ে জুভেন্তাস কিংবা লিওঁর সঙ্গে। আর ন্যাপোলির মাঠে ১-১ ড্র নিয়ে ফেরা বার্সেলোনা যদি পরবর্তী রাউন্ডে পৌঁছুতে পারে তবে প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন মিউনিখকে পাওয়ার সম্ভাবনা প্রবল। বার্সা আর রিয়াল কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে যেতে পারলে ৯ মৌসুম পর আবারও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরে একে অপরের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালের আগে দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগগুলো সূচি অনুসারে নিজেদের মাঠেই খেলতে পারবে দলগুলো। ফলে আগামী ৭ ও ৮ আগস্ট বার্সেলোনা আতিথ্য দেবে ন্যাপোলিকে, সিটি-রিয়ালকে। আর জুভেন্তাস নিজেদের মাঠে খেলবে লিওঁর বিপক্ষে। প্রতিপক্ষের মাঠ থেকে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফেরা অন্যতম ফেভারিট বায়ার্ন ফিরতি লেগে চেলসির বিপক্ষে খেলবে। ফাইনাল এইট বা চ্যাম্পিয়নস লিগের খুদে আসর শুরু হবে ১২ আগস্ট। কোয়ার্টার আর সেমিফাইনাল হবে লিসবনে। ২৩ আগস্টের ফাইনালের জন্যে নির্ধারণ করা হয়েছে এস্তাদিও দো স্পোর্ত লিসবোয়া বেনফিকাকে।
