ইত্তেফাক রিপোর্ট
ভার্চুয়াল আদালত ব্যবস্থা নিয়ে আইনজীবীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আইন ও বিচার বিভাগের সার্বিক তত্ত্বাবধানে জার্মান উন্নয়ন সংস্থা— জিআইজেডয়ের কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১২ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশের সব জেলার সরকারী আইন কর্মকর্তা (জিপি-পিপি) ও সাধারণ আইনজীবীদের “ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন” শীর্ষক এ অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। রবিবার ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার আইনজীবীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ঐ দিন দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
