সাভারে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১১ জুলাই ২০২০, ০০:৩৯

ইত্তেফাক রিপোর্ট

সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মজনুর রহমান মজনু (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মজনু কুষ্টিয়া জেলার সদর থানার খাজানগর গ্রামের আব্দুল বারেক দুলুর ছেলে। সে সাভারের ভরারী এলাকার আব্দুল মজিদের ভাড়া বাড়িতে থেকে মাদকের ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের ঋষিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মজনুকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩২টি প্যাকেটে মোট ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তার ব্যবহূত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, আটক মজনুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।