দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
রসালো সুস্বাদু পিচফল। কেউ একে বলে আঁশফল। কোনো কোনো অঞ্চলে পরিচিত কাঠলিচু নামে। নাম যাই হোক। লিচু নয়; তবে স্বাদে-গন্ধে অনেকটাই লিচুর মতো । লিচুর মৌসুম বা বাজার স্থায়িত্ব কম। লিচুর সরবরাহ যখন শেষের দিকে তখন বাজারে আসে এ ফল। লিচুর চেয়ে আকারে ছোট। দামও লিচুর চেয়ে অনেক কম। তাই অনেকেই ফলটি খেয়ে অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটায়। দেশের প্রায় সব এলাকায় ফলটি পাওয়া গেলেও রাজধানীর অদূরে দোহার ও নবাবগঞ্জে এর প্রাচুর্যতা লক্ষণীয় । এলাকার প্রায় প্রতিটি বাড়িতে গাছে গাছে ঝুলছে এ ফল। স্থানীয় হাট-বাজারে এ ফলের ছড়াছড়ি। আকারভেদে প্রতি ১০০ পিচফল বিক্রি হচ্ছে ৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে বলে জানান মৌসুমি ব্যবসায়ীরা।
