ক্ষমতার সামনে আসছেন কিমের বোন!

আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:৩৬

উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির একচ্ছত্র ক্ষমতার অধিকারী বলে সবাই জানে। তার কথাই ‘শেষ কথা’ এমন প্রচলিত আছে দেশটিতে। বিভিন্ন সময়ে মিডিয়াতে তার বোন কিম ইয়ো জং কিভাবে কিমের সরকারে প্রভাব বিস্তার করে সেটি প্রকাশিত হলেও সবাই সেটি বিশ্বাস করতে পারেননি। কিন্তু সম্প্রতি উত্তর কোরীয় প্রভাবশালী নেতা কিম জং উনের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়ানোর কারণে ফের আলোচনায় এসেছেন তার বোন। তিনিই তার উত্তরসূরি কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে বিষয়টি পরিস্কার হয়েছে গতকাল শুক্রবার ট্রাম্পের উদ্দেশ্যে পাঠানো এই নারীর এক বার্তায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ জুলাইয়ের ভাষণে চলতি বছর উত্তর কোরীয় নেতার সঙ্গে আরেকবার বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। কিম সেই বৈঠকে বসবেন সেটি নিয়ে যখন বিশ্বমিডিয়ায় জল্পনা-কল্পনা তখন সেই প্রশ্নের উত্তর গতকাল সরাসরি দিয়ে দিলেন তার বোন ইয়ো জং। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে তার ভাই আর তার সঙ্গে বৈঠকে বসবেন না। তবে তিনি ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে যুক্তরাষ্ট্র কিভাবে দিবসটি পালন করেছে সেই উত্সবের ভিডিও তিনি সিডি সংগ্রহ করে দেখবেন।

উত্তর কোরিয়ায় বসে ইচ্ছা থাকলেও বাইরের দুনিয়ার টিভি অনুষ্ঠান কিংবা খবর জানা যায় না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম যা বলে ও প্রচার করে সেটাই বিশ্বাস করতে হয়। একারণে কিমের এই রহস্যময়ী বোন সিডি সংগ্রহ করে অনুষ্ঠান দেখার কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন, কিমের শাসনে কারো পক্ষে প্রকাশ্যে এ ধরনের কথা বলা রীতিমতো অকল্পনীয়। তাই ওই তরুণী যে দেশটির ক্ষমতার সামনের সারিতে আসছেন এটা প্রমাণিত হচ্ছে। -এনডিটিভি