পান চাষে ঝুঁকছেন তালার চাষিরা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় পান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। পান চাষে উত্পাদন খরচের তুলনায় অধিক দাম পাওয়ায় পান চাষে ঝুঁকছেন এখানকার চাষিরা।

সাতক্ষীরা জেলায় উত্পাদিত পানের ৮০ শতাংশই উত্পাদিত হয় তালা উপজেলায়। হঠাত্ যেনো পানের বাজারে আগুন লেগেছিল। প্রতি পোন পান বিক্রি হচ্ছিল দুই থেকে আড়াইশ টাকা দরে। ইতিমধ্যে নতুন পান ওঠা শুরু হয়েছে। আস্তে আস্তে আগুন লাগা পানের দামও কমতে থাকবে বলে ধারণা করেছে খুচরা বিক্রেতারা।

তালা উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় পান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪২০ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পানের চাষ হয়েছে ৪২৫ হেক্টর জমিতে। আর উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৬০৯ টন। ইতিমধ্যে বাজারে নতুন পান ওঠায় দাম কমতে শুরু করেছে। অনাবাদি জমিতে পানের চাষ হওয়ায় উত্পাদন খরচ অনেকটা কম বলে পান চাষে ঝুঁকে পড়েছে চাষিরা। উপজেলার রহিমাবাদ, মোবারকপুর, খাজরা, হরিশচন্দ্রকাটী, মাছিয়াড়া, চরগ্রাম, মাগুরা, খলিশখালী, মঙ্গলানন্দকাটী, দুধলী, বারুইপাড়াসহ বিভিন্ন এলাকায় পান চাষ বেড়েছে।

উপজেলার ইসলামকাটি গ্রামের পান চাষি দ্বীনবন্ধু জানান, তিনি চলতি মৌসুমে আট বিঘা জমির ওপর একটি বরজে পান চাষ করেছেন। এবার তার বরজে পানের ফলন খুবই ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে।

তালা উপজেলা কৃষি অফিসার মো. শামছুল আলম জানান, কৃষকদের পান চাষে উদ্বুদ্ধ করতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। পান চাষিদের বিভিন্ন পরামর্শ ও পানের রোগ-বালাই দমনে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।