সাহেদকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ------- স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:৪২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি যে ধরনের অপরাধ করেছেন তাতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।  গতকাল শুক্রবার দুপুরে   ধানমন্ডির নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। তবে তারও উচিত আত্মসমর্পণ করা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ কোনো দল বা গোষ্ঠীর সেটা বিষয় না। করোনা ভাইরাস নিয়ে তিনি যে ধরনের অপরাধ করেছেন তাতে কোনো ধরনের ছাড় পাবেন না। অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যেখানে সারাদেশে করোনা              ভাইরাসের  প্রাদুর্ভাব রোধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেখানে রিজেন্ট হাসপাতাল মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে তা কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া যায় না। এ ধরনের অপরাধীকে অবশ্যই আইনের শাস্তি পেতে হবে। আমরা সেই ব্যবস্থাই করব।

এদিকে রিজেন্ট হাসপাতালে যখন র?্যাব অভিযান চালাচ্ছিল তখন সাহেদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফোন করেছিলেন বলে জানা যায়। এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে (সাহেদ) বললো, আমার ওটা তো সিল করছে’। জবাবে বলেছিলাম, ‘আমি তো জানি না। কেন সিল করেছে? নিশ্চয়ই আপনি কিছু করেছেন’। সাহেদ বলেছিল, ‘আমাকে অ্যারেস্ট করবে?’ তখন বলেছি, ‘সেটাও আমি কিছু বলতে পারব না’। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরপর সাহেদ আর কোনো যোগাযোগ করেনি।

রিজেন্ট হাসপাতাল থেকে কোভিড-১৯-এর ভুয়া প্রতিবেদন দেওয়া নিয়ে তিনি বলেন, ‘এগুলো প্রমাণিত হলে তাকে শাস্তি পেতেই হবে’।

সম্প্রতি রাজধানীর উত্তরা ও মিরপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। সেখানে অনুমোদিত কিট, করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ এবং বিভিন্ন অনিয়ম পান আদালত। পরে হাসপাতাল দুটি সিলগালা করা হয়।  এ ঘটনায় হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে আসামি করে থানায় মামলা করে র্যাব। এরপর থেকেই তিনি আত্মগোপনে।