তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রিজেন্ট হাসপাতালের অনিয়ম সরকারই উদ্ঘাটন করেছে, অন্য কেউ নয়। বিএনপিও এ নিয়ে আগে কোনো প্রশ্ন তোলেনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য ‘সরকারের মদদে রিজেন্টের অনিয়ম’ এর জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারি সংস্থা নিজেই ঢাকায় রিজেন্ট হাসপাতালের দুটি শাখায় অভিযান ও মামলা করেছে, গণমাধ্যমের কোনো প্রতিবেদনের ভিত্তিতে নয়। এরপর এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আমি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। মন্ত্রী বলেন, পত্রপত্রিকার রিপোর্টে দেখা যায়, সাহেদ করিম বিএনপি আমলে হাওয়া ভবনের সঙ্গে যুক্ত ছিলেন, এরপর দুই বছর জেলেও ছিলেন। কয়েক মাস আগেও যুবদলের নেতাকে সামনে রেখে সাহেদ যখন তারেক রহমানের সঙ্গে স্কাইপে কথা বলেন, তখন সেটি কাদের মদতে ঘটে, মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখেন ড. হাছান। তিনি বলেন, সাহেদকে যারা টকশোতে সুযোগ দিয়েছিলেন তাদেরও দায় রয়েছে। কারণ সে টকশোকে প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করত।
