চৌগাছা (যশোর) সংবাদদাতা
বৃহস্পতিবার সকালে যশোরের চৌগাছায় আধিপত্যকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ তিনজন আহত হয়েছে। আহতরা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ওয়েদ মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৫৫), মজিদের স্ত্রী পারভিনা বেগম (৪০) এবং বারেক বিশ্বাসের ছেলে মশিয়ার রহমান।
আহতরা চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি মশিয়ারের কন্যা রোকসনা এবং আহত আব্দুল মজিদ জানান, একই গ্রামের নব্য আওয়ামী লীগ কর্মী আব্দুল আজিজের ছেলে শওকত, শান্তর ছেলে বিপুল, আক্তারুল, লিয়াকতসহ ১০-১২ জন বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে মারপিট করে আহত করে।
এ ব্যাপারে ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, কোনো উসকানি ছাড়াই উল্লেখিত ব্যক্তিরা আহতদের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আহত করে। এসময় হামলাকারীরা আহতদের বাড়িতে মালামাল লুটপাটও করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে চৌগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখনো কেউ মামলা করেনি। তবে লিখিত দিলে নিয়মিত মামলা হবে।
