স্টাফ রিপোর্টার, দিনাজপুর
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আসন্ন কোরবানিতে প্রায় ২ লাখ ক্রেতা ও বিক্রেতার সুবিধার্থে অনলাইনে কোরবানির পশু বেচাকেনার ব্যবস্থা করেছে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ বিভাগ। এ জন্য ‘অনলাইন পশুরহাট, দিনাজপুর’ নামে একটি ফেসবুক পেজ চালু করেছে প্রাণিসম্পদ বিভাগ।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীনুর ইসলাম জানান, দিনাজপুর জেলায় চলতি বছর কোরবানির জন্য ৫৮ হাজার ৫৫ জন খামার মালিক ও পশু পালনকারী প্রস্তুত করেছে ১ লাখ ২১ হাজার ৮৬৪টি গরু এবং ৭২ হাজার ৪০৯টি ছাগল ও ভেড়া। তিনি জানান, দিনাজপুর জেলার চাহিদা মিটিয়ে এবার প্রায় ৬০ হাজার গরু ও ছাগল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে। তিনি জানান, এবার দিনাজপুরে কোরবানির পশু বিক্রেতা রয়েছেন ৫৮ হাজারেরও অধিক এবং ক্রেতা ১ লাখ ৩৫ হাজার। ইতিমধ্যেই অনলাইন পশুর হাট, দিনাজপুর নামে একটি ফেসবুক পেজ চালু করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
এই ফেসবুক পেজে পশুর ওজন, সম্ভাব্য দাম, পশু বিক্রেতার মোবাইল নম্বর, ঠিকানাসহ বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। ক্রেতারা এই পেজে পশু পছন্দ করে দাম-দর করে পছন্দের পশু সংগ্রহ করতে পারবেন। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান তিনি।
