ভাঙনের শঙ্কা
পাবনা প্রতিনিধি
পাবনায় পদ্মা ও যমুনাসহ বিভিন্ন নদ-নদীতে নামতে শুরু করেছে বন্যার পানি। পানি কমার সঙ্গে সঙ্গে নতুন ভাঙনের শঙ্কা নদীপাড়ের মানুষের মধ্যে। তবে ভাঙন প্রতিরোধে সব প্রস্তুতি নিয়ে রেখেছে পাউবো।
পাবনা পানি উন্নয়ন বোর্ড বেড়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ জানান, শনিবার সকালে যমুনা নদীর নগরবাড়ী পয়েন্টে পানির রেকর্ড ৯ দশমিক ৪১ সেন্টিমিটার বিপত্সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ২ দশমিক ৩৬ সেন্টিমিটার বিপত্সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপত্সীমা নির্ধারিত আছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। বর্তমানে ১১ দশমিক ৮৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাউবোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তেমন কোনো ভাঙন দেখা দেয়নি। তবে পাউবো সংশ্লিষ্টরা নদীভাঙনসহ যে কোনো সমস্যা সমাধানে তত্পর রয়েছেন।
পদ্মা-যমুনা নদীপাড়ের ভাঙন কবলিত একাধিক জনের সঙ্গে আলাপকালে তারা জানান, নদীতে পানি বৃদ্ধি হলেও বিপদ, কমতে থাকলেও বিপদ। পানি প্রবেশের সময়ে নদীতে ভাঙন দেখা যায়। কেড়ে নেয় জমিজমাসহ ফসলি জমি। ঝুঁকির মধ্যে পড়ে যায় বাড়িঘরের পাশাপাশি মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান।
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ইত্তেফাককে বলেন, ভাঙন প্রতিরোধসহ জনগণের সুবিধার্থে নদীপাড়গুলো ভাঙন প্রতিরোধে জরুরিভাবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ-আলোচনা করে নিয়মিত ভাঙন এলাকাগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
