ঝিনাইগাতী-গোবিন্দগঞ্জ সড়ক যান চলাচলের অনুপযোগী

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

সংস্কারের অভাব

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতী-গোবিন্দগঞ্জ সড়কটি সংস্কার, সম্প্রসারণের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। ট্রাক, বাস, সিএনজি চালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন প্রতিনিয়ত চলাচল করে। কিন্তু সংস্কার ও সম্প্রসারণের অভাবে এ পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।

উপজেলা সদর থেকে দুধনই, বনকালি, হলদিবাটা, মনাকোষা, বনগাঁও, খন্দকারপাড়া ও রাজনগর হয়ে গোবিন্দগঞ্জ পর্যন্ত এলজিইডির প্রায় ১২ কিলোমিটার রাস্তা। গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুধনই গ্রামের আব্দুস সালাম, উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক বৈরাগিপাড়া গ্রামের জয়নাল আবেদীনসহ গ্রামবাসী জানান, ২০১৬ সালে এ সড়কটি ঠিকাদার নিয়োগের মাধ্যমে সংস্কার করা হয়। কিন্তু ঠিকাদারের লোকজন নিম্নমানের কাজ করায় কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন, সড়কটি সংস্কারের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনাও হয়েছে। কিন্তু সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি।

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ঝিনাইগাতী-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই সংস্কার করা হবে।