সাড়ে তিন মাস পর বিমান চলাচল শুরু

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪৭

ঢাকা-বরিশাল আকাশপথ

বরিশাল অফিস

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাড়ে তিন মাস পর আজ রবিবার থেকে বরিশাল-ঢাকা রুটে যাত্রীবাহী উড়োজাহাজ চালাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট চলাচল শুরু করতে হলে বিমানবন্দরে পর্যাপ্ত চিকিত্সা ব্যবস্থা ও চিকিত্সক নিশ্চিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সব এয়ারলাইনস ও যাত্রীদের শারীরিক দূরত্ব, পরিচ্ছন্নতা, মাস্ক ও হ্যান্ড গ্লাভসসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এয়ারক্রাফটের ধারণক্ষমতার ৭৫ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। এই বিমানবন্দর থেকে প্রতিদিন ঢাকার পথে পাঁচটি উড়োজাহাজে গড়ে ৩০০ যাত্রী পরিবহন করত। তবে প্রথম পর্যায়ে রবিবার থেকে ঢাকা-বরিশাল রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট চলাচল করার সিদ্ধান্ত হয়। আজ বিকালে বেসরকারি ইউএস বাংলা ও নভোয়ার ফ্লাইটের যাত্রী পরিবহন করবে। এ রুটে নিয়মিত যাতায়াতকারী একাধিক যাত্রী জানান, আকাশপথ বন্ধ থাকায় তাদের ব্যবসা-বাণিজ্যসহ জরুরি কাজে বিঘ্ন দেখা দিয়েছিল। ফ্লাইট চালু হওয়ায় নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন এবং প্রয়োজনীয় কাজ দ্রুত সমাধান করতে পারবেন।

বরিশাল বিমানবন্দর শাখার ব্যবস্থাপক শহিদুল আলম জানান, ফ্লাইট চালুর ক্ষেত্রে সিভিল অ্যাভিয়েশনের বেশ কিছু শর্ত মেনে রবিবার থেকে ঢাকা-বরিশাল আকাশপথে উড়োজাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। আমরা সব শর্ত পূরণ করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছি।