লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহন পৌর শহরের পাশ দিয়ে বয়ে চলা খালটি দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে প্রভাবশালী মহল। গত কয়েকদিন ধরে আবছার কন্ট্রাক্টর নামের জনৈক প্রভাবশালী ব্যক্তি প্রাচীন এ খালটির মধ্যে আরসিসি পিলার করে তার উপর ঢালাই দেয়ার জন্য সাটারিং করে যাচ্ছে।
প্রকাশ্য জনসম্মুখে খালের উপর পাকা অবকাঠামো নির্মাণ কাজ চলতে থাকলেও তাতে বাঁধা দিচ্ছে না কেউ। এই দখলবাজি বন্ধে প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ছাড়া দখলের এই ধারাবাহিকতা চলতে থাকলে অচিরেই খালটি তার অস্তিত্ব হারাবে বলে জানান অনেকে।
লালমোহন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুবলাল দত্ত বণিক জানান, গত পনেরো দিন আগে দখলবাজি ঠেকাতে সরেজমিনে পরিদর্শনে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। এরপর নোটিস দিয়েছি। তারপরও রাজত্ব চলছে। এখন ভূমি প্রশাসনকে এগিয়ে আসা উচিত।
এ ব্যাপারে লালমোহনের সহকারী কমিশনার বকুল চন্দ্র কবিরাজ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে কাজ বন্ধ করে দিয়েছি। এরপরও কথা না শুনলে লাল নিশান টাঙাবো এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেব।
লালমোহন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মোস্তাফিজ মিয়া বলেন, লালমোহন শহরের ভাসমান মানুষের কাছে খালটি খুবই গুরুত্বপূর্ণ। তারা এ খালে গোসল করে। এ ছাড়া নৌ-যান থেকে ব্যবসায়ীদের পণ্য মালামাল ওঠা-নামার জন্য খালটির প্রয়োজনীয়তা খুব বেশি। তাই দখলবাজি বন্ধ করে খালটি বাঁচানো দরকার।
তিনি আরো বলেন, এই খালে আশি’র দশকে ঢাকা-বরিশালের লঞ্চ চলাচল করতো। কিন্তু দখল প্রতিযোগিতার কারণে খালটি সরু হয়ে যাওয়ায় এখন মালবাহী ছোট ছোট নৌ-যানও ঢুকতে পারছে না। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে খালটি নালায় পরিণত হবে এবং দেখা দিবে পরিবেশ বিপর্যয়।
