ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন এবং আহত হয়েছে প্রায় অর্ধশত। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাগণ:
হবিগঞ্জ: চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া চা বাগান এলাকায় আঞ্চলিক সড়কে মনুহর নাইলু (৮০) নামে এক বৃদ্ধ ট্রাক্টর চাপায় নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা। গত বুধবার দুপুরে ওই সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বালু বোঝাই দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। গভীর রাতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গত বৃহস্পতিবার দুপুরে সদর থানার এস আই পলাশ দাস ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন।
নরসিংদী: নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় আবুল হোসেন (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদী পৌর এলাকার টাটাপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি দিনাজপুর জেলায় এবং তার পরিবার-পরিজন রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী দ্রুতগতিসম্পন্ন একটি যাত্রীবাহী বাস একটি মটরসাইকেলকে ওভার টেকিংয়ের সময় পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবুল হোসেন নিহত হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জে মালবাহী ট্রাক ও লড়ির ধাক্কায় ১ জন নিহত ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হারুয়া এলাকায় সিলেট থেকে আসা মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা তেলবাহী লড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহেল (২৫) নামে একজন নিহত হয়। আহতরা হলেন- রিতা আক্তার, রেসমী আক্তার, রাব্বি মিয়া, ফাতিহা, স্বাধ মনি। আহত সকলেই জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের পাশে অলিফ পরিবহনের একটি বাসের সামনের চাকা খুলে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে শিশু ও মহিলাসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। আহতদেরকে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতাল, হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
বদলগাছী (নওগাঁ): বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৪ জন। জানা যায়, গত ৪ জানুয়ারি বিকাল ৪টার পর উপজেলার জিয়ল সাঁওতালপাড়া নামক স্থানে মাতাজীহাট হতে বদলগাছীগামী একটি ভটভটি উক্ত স্থানে পৌঁছালে পাহান নামের এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় বেখেয়ালভাবে পাকা রাস্তা পার হওয়ার সময় ভটভটিচালক তাকে রক্ষা করতে গিয়ে ব্রেক কষলে ভটভটিটি উল্টে গিয়ে রাস্তা থেকে ছিটকে পড়লে ভটভটিতে থাকা চালকসহ ৪ জন গুরুতর আহত হন। আহতরা হলেন, উপজেলা বিষ্ণুপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে আপেল হোসেন, আসলাম হোসেন, আসলাম হোসেনের ছেলে আরমান হোসেন এবং ব্যাশপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ভটভটি চালক রিপন হোসেন।
